রাস বালবেকে দায়েশের ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে লেবাননি সেনাবাহিনী
লেবাননের সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় বেকা উপত্যকার রাস বালবেক গ্রামে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি অবস্থানের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। লেবাননি বাহিনী প্রথমে এ অবস্থানের উপর কামানের ব্যাপক গোলা নিক্ষেপ করেছে।
লেবাননের আরবিভাষী নিউজ ওয়েবসাইট জানিয়েছে, রাজধানী বৈরুত থেকে ৩০ কিলোমিটার পূর্বের রাস বালবেক গ্রামে গোলার আঘাতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, ওয়াদি হামাইয়েদ এলাকা দিয়ে এগিয়ে যেয়ে এ অবস্থানের দখল নেয় লেবাননি সেনাবাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর আরসালের কাছাকাছি অবস্থিত ওয়াদি হামাইয়েদ।
রাস বালবেকের কৌশলগত অবস্থান দালিল আল-আকরা টিলাও নিয়ন্ত্রণে নিয়েছে লেবাননি সেনাবাহিনী। এটি দায়েশের অগ্রবর্তী অবস্থানের কাছাকাছি অবস্থিত।
দায়েশের ঘাঁটিগুলোর উপর সম্প্রতি গোলাবর্ষণ তীব্র করেছে লেবাননি বাহিনী। সিরিয়ার সঙ্গে অভিন্ন সীমান্ত থেকে হটিয়ে দেয়ার লক্ষ্য অভিযান শুরুর আগে গোলাবর্ষণ তীব্রতর করা হয়েছে।
এর আগে, আরসালে দায়েশ বিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।#
পার্সটুডে/মূসা রেজা/৭