দায়েশের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে লেবাননের সেনাবাহিনী !
-
লেবাননের সেনাবাহিনী
সিরিয়া সীমান্তে তৎপর শত শত তাকফিরি দায়েশের বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনী দীর্ঘ প্রতিক্ষিত সাঁড়াশি অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। সেনাবাহিনীকে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র যোদ্ধারা সহযোগিতা দেবে বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
আজ একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের সেনাবাহিনীর অভিযানে হিজবুল্লাহ যোদ্ধার পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীও অংশ নেবে।
লেবানন সীমান্ত থেকে তাকফিরি সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে আসন্ন অভিযানে দেশটির বিশেষ বাহিনীসহ ৩,০০০ সৈন্য অংশ নেয়ার কথা রয়েছে। এদিকে, দায়েশের বিরুদ্ধে অভিযান নিয়ে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের উপস্থিতিতে উচ্চ নিরাপত্তা পরিষদে আজ আরো পরে আলোচনা করা হবে বলে প্রেসিডেন্ট প্রাসাদের একটি সূত্র জানিয়েছে।
বৈঠকে লেবানের আল কা শহরের উপকণ্ঠ এবং রাস বালবেক গ্রামে সামরিক অভিযানের পাশাপাশি দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী আরসাল এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের বিরুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান পরিসমাপ্তির পর তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযানের খবর এলো। অভিযানে সন্ত্রাসীরা দফায় দফায় পরাজিত হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় এবং তারা ওই এলাকা ছেড়ে সিরিয়ার দিকে চলে যায়। #