ইসরাইল এবং সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের প্রধান হুমকি: লেবাননের প্রধানমন্ত্রী
-
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে বৈঠকে করেছেন।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে বৈঠকে করেছেন। বৈঠকে তারা গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ এবং ইহুদিবাদী ইসরাইলের হুমকি নিয়ে আলোচনা করেছেন।
গতকাল (মঙ্গলবার) লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত বৈঠকে তেহরান-বৈরুতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি লেবানন এবং মধ্যপ্রাচ্যের সীমান্ত এলাকাগুলোর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী হারিরি বলেন, লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যের জন্য প্রাথমিক দু'টি হুমকি হচ্ছে সন্ত্রাসবাদ এবং ইসরাইল। বৈরুত সরকারের সাম্প্রতিক অর্জনের কথা উল্লেখ করতে গিয়ে হারিরি বলেন, লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ এবং সহযোগিতার ফলে এমনটি সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশে সংলাপের এ ধারা অব্যাহত থাকবে।
বৈঠকে আনসারি বলেন, মধ্যপ্রাচ্যের দু'টি হুমকি বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তেহরান-বৈরুতের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি অভিন্ন ভিত্তি তৈরি করবে।
লেবাননের সাথে সবক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তেহরান সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন ইরানের এ কূটনীতিক।এছাড়া, আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান এবং দেশটিতে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ব্যাপারেও প্রধানমন্ত্রী হারিরির সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন জাবের আনসারি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩