তাল-আফারের কেন্দ্রস্থল পুনরুদ্ধার করেছে ইরাক
-
তাল আফারে উল্লসিত সেনারা
ইরাকের সামরিক বাহিনী সিরিয়া সীমান্তে অবস্থিত তাল আফার শহরের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন ধরে শহরটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে ছিল। শহর মুক্তির অভিযান শেষ পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছে সামরিক বাহিনী।
তাল আফার মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন, শহরের দূর্গ ও বাসাতিন এলাকা পুনরুদ্ধার করা হয়েছে এবং সেখানকার দূর্গের ওপর ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। তাল আফারের শতকরা ৭০ ভাগ মুক্ত করা হয়েছে বলে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি ঘোষণা দেয়ার পর জেনারেল ইয়ারাল্লাহ শহরটির কেন্দ্রস্থল পুনরুদ্ধার করার কথা জানালেন।
ইব্রাহিম জাফারি বলেছেন, আল্লাহ চাইলে শহরের বাকি অংশ খুব শিগগিরি মুক্ত করা হবে। রাজধানী বাগদাদে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁর সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬