কুর্দি গণভোট: ইরাক-সিরিয়া সীমান্তে ট্যাংক পাঠিয়েছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i46083-কুর্দি_গণভোট_ইরাক_সিরিয়া_সীমান্তে_ট্যাংক_পাঠিয়েছে_তুরস্ক
ইরাক সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক এবং সিরিয়ার কাছে দক্ষিণ সীমান্তে সাঁজোয়া যান পাঠিয়েছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য যখন গণভোট হতে যাচ্ছে এবং সিরিয়ায় দায়েশের পতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে তখন তুর্কি সরকার   এ পদক্ষেপ নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:৫২ Asia/Dhaka
  • তুর্কি ট্যাংকবহর
    তুর্কি ট্যাংকবহর

ইরাক সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক এবং সিরিয়ার কাছে দক্ষিণ সীমান্তে সাঁজোয়া যান পাঠিয়েছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য যখন গণভোট হতে যাচ্ছে এবং সিরিয়ায় দায়েশের পতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে তখন তুর্কি সরকার   এ পদক্ষেপ নিল।

ইরাক সীমান্তের কাছে সিলোপি-হাবুর অঞ্চলে তুর্কি সামরিক বাহিনী ট্যাংকসহ প্রায় ১০০ সামরিক যান মোতায়েন করেছে। আংকারা এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাকের কুর্দি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হলে তা এক পর্যায়ে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে। তুরস্ক আরো বলেছে, গণভোটের জন্য মূল্য দিতে হতে পারে। কিন্তু কুর্দি নেতারা আগামী ২৫ সেপ্টেম্বর এ গণভোট অনুষ্ঠান করবেন বলেই ঘোষণা দিয়েছেন।  

এদিকে, সিরিয়া লাগোয়া দক্ষিণ সীমান্তে তুরস্ক প্রায় ৮০টি ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে। সীমান্তে তুরস্কের যেসব সেনা মোতায়েন করা রয়েছে তাদেরকে বাড়তি শক্তি যোগানোর জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী। ওই এলাকায় সিরিয়ার ভেতরে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে। তুরস্ক এসব গেরিলাকে নিজের জন্য হুমকি মনে করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮