সিরিয় বাহিনীর সাফল্য অব্যাহত; চীনের সমর্থন ঘোষণা
-
সিরিয় বাহিনীর ফাইল ফটো
সিরিয়ার সেনারা জর্দান সীমান্তে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সন্ত্রাসীদের হাত থেকে ওই অঞ্চলের নয়টি অবস্থান মুক্ত করেছে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যম গতকাল (শনিবার) জানিয়েছে, নতুন মুক্ত করা নয়টি অবস্থানই সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে দক্ষিণে অবস্থিত। এসব অভিযানে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে জানানো হয় তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি। সিরিয়া যুদ্ধে গত কয়েক বছর ধরে হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এদিকে, চীন গতকাল ঘোষণা করেছে যে, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পরিপূর্ণ সমর্থন রয়েছে বেইজিংয়ের। সিরিয়াকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টাকে চীন প্রত্যাখ্যান করে। সিরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কি কিয়ানজিন গতকাল এ ঘোষণা দেন। তিনি আরো বলেছেন, একমাত্র সিরিয়ার জনগণই দেশের ভাগ্য নির্ধারণের অধিকার রাখে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১