ইরানের ত্যাগ ও সমর্থনের কথা কখনোই ভুলবে না সিরিয়া: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যুদ্ধের কঠিন সময়ে সিরিয় সরকার এবং মানুষের জন্য ইরানের ত্যাগের কথা দামেস্ক কখনোই ভুলে যাবে না।
দামেস্কে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বুরোজের্দির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ‘প্রতিরোধের অক্ষগুলোর’ পক্ষে যাচ্ছে। পাশাপাশি প্রতিরোধের অক্ষগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় সেনাবাহিনীর সাম্প্রতিক বিজয়কে অভিনন্দন জানান বুরোজের্দি। শত্রুদের মোকাবেলায় সিরিয়া প্রতিরোধ যু্দ্ধের প্রতীক হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর গভীরতা ভবিষ্যতে অনুধাবন করা যাবে বলেও উল্লেখ করেন তিনি। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্রদের তৎপরতা প্রতিরোধ এবং প্রচেষ্টার মাধ্যমে পরাজিত করেছে সিরিয় সরকার এবং জনগণ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি হিল উজমা খোমেনেয়ীর কাছে গতমাসে লেখা প্রেসিডেন্ট আসাদের চিঠির কথাও উল্লেখ করেন তিনি। এতে দেশ দু’টির মধ্যে বিরাজমান সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে। এ ছাড়া, সিরিয় সেনাবাহিনীর সাম্প্রতিক বিজয়ে ইরানের ইতিবাচক ভূমিকাও এতে ফুটে উঠেছে বলে জানান তিনি।
চিঠিতে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সিরিয়ার সামরিক বাহিনীর কৌশলগত বিজয়ে ইরানের বন্ধুপ্রতীম সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছিলেন প্রেসিডেন্ট আসাদ।
পার্সটুডে/মূসা রেজা/৬