শেষ পর্যন্ত গণভোটের ফলাফল স্থগিত করল কুর্দিস্তান
https://parstoday.ir/bn/news/west_asia-i47832-শেষ_পর্যন্ত_গণভোটের_ফলাফল_স্থগিত_করল_কুর্দিস্তান
ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার শেষ পর্যন্ত গতমাসে অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত রাখতে সম্মত হয়েছে। ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং শুরু থেকেই তা বাতিল করে বাগদাদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে আসছিল ইরাক সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ০২:৫৭ Asia/Dhaka
  • কুর্দিস্তানের আধা-স্বায়ত্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি
    কুর্দিস্তানের আধা-স্বায়ত্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার শেষ পর্যন্ত গতমাসে অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত রাখতে সম্মত হয়েছে। ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং শুরু থেকেই তা বাতিল করে বাগদাদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে আসছিল ইরাক সরকার।

শেষ পর্যন্ত ব্যাপক চাপের মুখে সেই আহ্বানে সাড়া দিল কুর্দিস্তানের স্বশাসিত সরকার। মঙ্গলবার রাতে কুর্দি নেতা মাসুদ বারজানির সরকার এক বিবৃতিতে গণভোটের ফলাফল স্থগিত রাখার ঘোষণা দেয়ার পাশাপাশি বাগদাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সেইসঙ্গে কুর্দিস্তানে সেনা অভিযান বন্ধ করার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কুর্দিস্তানে গণভোটের পক্ষে অনুষ্ঠিত মিছিলে কুর্দিস্তানের আঞ্চলিক পতাকার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উড়েতে দেখা যায়। ইসরাইল ছাড়া বিশ্বের আর কোনো দেশ এই গণভোটকে সমর্থন জানায়নি

আরবিল সরকার বলেছে, ইরাকের সাংবিধানিক কাঠোমোর আওতায় বাগদাদের সঙ্গে তারা আলোচনা করতে চায়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এতদিন একই কথা বলে আসছিলেন। এবাদি ওই গণভোটের ফলাফল বাতিল করে ইরাকের সংবিধানের আওতায় কুর্দিস্তান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আসছিলেন।

অবশ্য ইরাকের প্রধানমন্ত্রী গণভোটের ফলাফল ‘বাতিল’ করার আহ্বান জানালেও কুর্দিস্তান সরকার তা ‘স্থগিত’ করেছে।

গতমাসে ওই গণভোট অনুষ্ঠানের পর ইরাক সরকারের পাশাপাশি অন্য তিন প্রতিবেশী দেশ ইরান, সিরিয়া ও তুরস্ক কুর্দিস্তানের গণভোটের তীব্র বিরোধিতা করে তা বাতিল করার আহ্বান জানায়। ইরাক সরকার কুর্দিস্তানের ওপর অবরোধ আরোপ করার পাশাপাশি বাগদাদের আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক এবং ইরানও কুর্দিস্তানের ওপর অবরোধ আরোপ করেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫