ইসরাইলের সম্ভাব্য হামলার জবাব দিতে লেবানন প্রস্তুত: মিশেল আউন
-
মিশেল আউন
ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হামলা মোকাবিলার জন্য লেবানন পূর্ণ প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। কুয়েতের আর-রাই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মিশেল আউন আরও বলেছেন, এখন যদি ইসরাইল লেবাননে হামলা চালায় তাহলে দেশের সব মানুষ আগ্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ এখন লেবাননের সব মানুষ ঐক্যবদ্ধ। দেশের ওপর কোনো ধরনের আঘাত আসলেই তারা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে আতঙ্ক হিসেবে তুলে ধরার ষড়যন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, হিজবুল্লাহকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতীতে এ ধরণের কোনো ঘটনা ঘটে নি।
সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার বিষয়ে কোনো কোনো দেশের প্রচেষ্টার সমালোচনা করেন মিশেল আউন। তিনি বলেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকের সেনাবাহিনীর বিজয়ের মধ্যদিয়ে দেশ ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২