ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে ফোনালাপ; ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
-
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী (বামে) ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাসেম আল ফ্রেইজ সন্ত্রাসীদের নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ (রোববার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সিরিয়ার জনগণ ও সশস্ত্র বাহিনী যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। শত্রুদের হাত থেকে দেশকে রক্ষার ইতিহাসে সিরিয় জাতির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখল থেকে দেইর আয-যোর শহর মুক্ত হওয়ায় সিরিয়ার জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমির হাতামি বলেন, ইরান প্রথম থেকেই সিরিয়ার ভাইদের প্রতি সমর্থন দিয়ে এসেছে। যুদ্ধ শেষ হওয়ার পরও সিরিয়ার জনগণের পাশে থাকবে ইরান।
এ সময় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের সরকার ও জনগণের প্রতি ইরানের অকৃত্রিম সমর্থন ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, সংকটের মধ্যেও ইরান সিরিয়ার পাশে ছিল এবং সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ইরান ব্যাপক সহযোগিতা করেছে।
সিরিয়া ও ইরানের মধ্যে সমন্বয়ের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসছে বলে তিনি জানান। টেলিফোন সংলাপে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেদেশ সফরের জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫