৩ দেশ সফরে পদত্যাগী সাদ হারিরি; উদ্দেশ্য অস্পষ্ট
-
সৌদি রাজা সালমানের সঙ্গে কথা বলছেন লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি তিনটি আরব দেশ সফরে বের হয়েছেন। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠকের পরপরই আজ (মঙ্গলবার) তিনি সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।
আরব আমিরাত থেকে সাদ হারিরি বাহরাইন গেছেন। সেখানে তিনি বাহরাইনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। বাহরাইন থেকে কুয়েতে যাবেন সাদ হারিরি। সেখানেও তিনি কুয়েতি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী নিজ দেশ ছেড়ে এসে এখন কেন অন্যান্য দেশ সফর করছেন তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন, সাদ হারিরির সাম্প্রতিক বক্তব্য থেকে এটা স্পষ্ট আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত সফরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের জনপ্রিয় সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে তৎপরতা চালাবেন।
গত শনিবার সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরব সফরে গিয়ে দেশটির টিভি চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন। ইরান ও হিজবুল্লাহ অভিযোগ নাকচ করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭