লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি হস্তক্ষেপের প্রতিবাদ জানাল বৈরুত
-
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সৌদি আরবকে অভিযুক্ত করে বলেছেন, তার দেশের কর্মকর্তাদের নিয়োগ দেয়া বা পদচ্যুত করার অধিকার বাইরের কারো নেই।
তিনি আজ বৈরুতে বলেন, লেবাননের সরকারে কে থাকবে আর কে থাকবে না সে সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার দেশের জনগণের; অন্য কারো নয়।
বিশ্বের অনেক দেশ কোনো কিছু গঠন করার চেয়ে ধ্বংস করার কাজে বেশি মনযোগী বলে অভিযোগ করেন বাসিন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, অন্য দেশের সরকারের পতন ঘটিয়ে এসব দেশ গর্ববোধ করে।
লেবাননের শীর্ষ কূটনীতিক বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার জন্য তার দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। কাজেই এত সহজে একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়া সম্ভব নয়।
সৌদি আরব সফরে গিয়ে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার কয়েক দিন পর এ প্রতিক্রিয়া জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সাদ হারিরি গত শনিবার রিয়াদে বসে এক লিখিত বিবৃতি পড়ে শোনান যাতে তার নিজের পদত্যাগের কথা লেখা ছিল।
বিশ্লেষকরা মনে করছেন, দেশের ভেতরে ও বাইরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র ক্ষতি করার জন্য সাদ হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে সৌদি আরব। তারা বলছেন, সাদ হারিরি এক মাসেরও কম সময় আগে হিজবুল্লাহর সঙ্গে জোট সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছিলেন। কাজেই তিনি যাতে সে কাজ করতে না পারেন সেজন্য রিয়াদ এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে লেবানন সরকার মনে করছে, দেশটির পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের একজন পদস্থ কর্মকর্তা ওই আশঙ্কা প্রকাশ করে সাদ হারিরিকে লেবাননে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০