সৌদি নীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i48336-সৌদি_নীতির_কারণে_গোটা_মধ্যপ্রাচ্যই_ক্ষতিগ্রস্ত_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি নেতাদের অযাচিত বক্তব্য ও নীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সাম্প্রতিক যুদ্ধকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১১, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি নেতাদের অযাচিত বক্তব্য ও নীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সাম্প্রতিক যুদ্ধকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে আদেল আল জুবায়ের দাবি করেছেন, ইরান ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে। তার এ উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি আরও বলেছেন, সৌদি আরবই বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সব বাস্তবতাকে উল্টোভাবে তুলে ধরে জনমতকে বিভ্রান্ত করতে চাচ্ছে।

আদেল আল জুবায়ের

ইয়েমেন, লেবানন ও পারস্য উপসাগরীয় দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সৌদি তৎপরতাকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে তিনি এসব ভিত্তিহীন দাবি করেছেন বলে জানান বাহরাম কাসেমি।

ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সৌদি আরব নিজেই উগ্রপন্থার লালনক্ষেত্র এবং তারাই সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। একইসঙ্গে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছে সৌদি আরব। কিন্তু উল্টো এই সৌদি আরবই নানা ধরনের মিথ্যাচারের মাধ্যমে অন্যদেরকে সন্ত্রাসবাদের সহযোগী হিসেবে তুলে ধরছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরান সব সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তিনি বলেন, উগ্রপন্থার কারণে গোটা মধ্যপ্রাচ্যই সংকটের মধ্যে রয়েছে। এ অবস্থায় উগ্রবাদের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা পেতে সব দেশের পক্ষ থেকেই সাহসী ও দৃঢ় অবস্থান গ্রহণ জরুরি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১