সিরিয়ায় ওয়াহাবিদের পরাজয় সৌদিকে উন্মাদ করে দিয়েছে: জাফারি
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশে উগ্রবাদী ওয়াহাবি সন্ত্রাসীদের পরাজয়ের পর ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে সৌদি আরব এখন উন্মাদ হয়ে উঠেছে। সিরিয়ার বিরুদ্ধে সৌদি আরব একটি খসড়া প্রস্তাব তৈরির পর তার নিন্দা জানিয়ে বাশার জাফারি একথা বলেছেন।
সিরিয়ার এ প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি করা ওই খসড়া প্রস্তাব হচ্ছে সৌদি আরবসহ কয়েকটি দেশের ইচ্ছা বা খেয়ালখুশির বহিঃপ্রকাশ যারা বিদ্রোহ উসকে দেয়, বিভিন্ন দেশ ধ্বংস করে, হাজার হাজার মানুষ হত্যা ও দেশ দখল করে। তিনি সৌদি আরবের তৈরি করা খসড়া প্রস্তাবকে 'আশ্চর্যজনক বৈপরীত্য' এবং মানবাধিকারের প্রতি 'অপমান' বলে উল্লেখ করেন।
এছাড়া, এ ঘটনা জাতিসংঘের জন্য কেলেংকারি বলে তিনি মন্তব্য করেন। ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধাপরাধের বিষয়ে জতিসংঘের নীরবতারও সমালোচনা করেন বাশার আল-জাফারি। তিনি সুস্পষ্ট করে বলেন, মানবাধিকারের বিষয়ে সৌদি আরবের নিজেরই কালো রেকর্ড রয়েছে; ফলে এ নিয়ে তার কথা বলা মানায় না। তিনি বলেন, নিজের নাগরিক ও বিদেশি শ্রমিকদেরকে দাস বলে মনে করে সৌদি আরব। জাফারি সৌদি সরকারকে বিশ্বের সবচেয়ে বড় ও বিপজ্জনক স্বৈরচার বলে উল্লেখ করেন। সিরিয়ায় উগ্রবাদী সন্ত্রাসীদের জন্য সৌদি আরব, কাতার ও তুরস্কের ১৩ হাজার ৭০০ কোটি ডলার খরচ করার বিষয়ে কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জসিমের সাম্প্রতিক স্বীকারোক্তিমূলক তথ্য তুলে ধরেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫