আন্তালিয়ায় ত্রিদেশীয় বৈঠক: সিরিয়া সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
-
(বাঁ দিক থেকে) ড. জাওয়াদ জারিফ, মেভলুত চাভুসউগ্লু,সের্গেই ল্যাভরভ
সিরিয়ায় যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী তিন দেশ ইরান,তুরস্ক ও রাশিয়ার মধ্যকার বৈঠক আন্তালিয়ায় শেষ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,বৈঠকে সিরিয়া সংকটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে সিরিয়ার ন্যাশনাল ডায়লগ কনফারেন্সে কুর্দিদের যোগ দেয়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ব্যাপারেও ঐকমত্য হয়েছে যেসব বিষয় নিয়ে তিন দেশের প্রেসিডেন্ট আলোচনা করবেন।
ইরানি প্রতিনিধি দলের প্রধান ড. জারিফ ত্রিপক্ষীয় বৈঠকে বসার আগে সাংবাদিকদের বলেছেন, ১১ মাস আগে আস্তানা বৈঠকের সুবাদে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতের পরিমাণ ব্যাপক কমেছে। তিনি বলেন আঞ্চলিক এই সহযোগিতার কারণে সিরিয়ায় প্রাণহানির ঘটনা অনেক কমেছে। সিরিয়ার সরকার এবং প্রতিরোধশক্তিও সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে সাধ্যমতো প্রতিহত করেছে বলে তিনি মন্তব্য করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া, তুরস্ক ও ইরান সিদ্ধান্ত নিয়েছে, ২২ নভেম্বরে রাশিয়ার সোচি শহরে সিরিয়া সংকট বিষয়ে তিন দেশের প্রেসিডেন্ট বৈঠকে বসবেন। সিরিয়ার জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ সেদেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের উপায় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।
ড. জারিফ বলেন গত শনিবার তেহরানে এই ত্রিদেশীয় বিশেষজ্ঞদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে একটি খসড়া বিবৃতি গ্রহণ করা হয়েছে। বিবৃতি নিয়ে আজ তুরস্কের আনাতোলিয়া শহরে বৈঠক করে বিস্তারিত পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
ইরান,রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় সিরিয় সরকার এবং সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এ পর্যন্ত সাত দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ দফা বৈঠকের ফলে সিরিয়ায় চারটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা হয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৯