হিজবুল্লাহ ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন হারিরি
-
সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের আরব মিত্রদের জন্য হিজবুল্লাহর বিপজ্জনক অবস্থানকে তিনি মেনে নেবেন না।
বৈরুতে সুপ্রিম ইসলামি শরীয়া কাউন্সিলের বৈঠকে হারিরি বলেন, "আমাদের আরব ভাইদের স্বার্থ ক্ষুণ্ন করে অথবা তাদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করে- হিজবুল্লাহর এমন কোনো অবস্থান আমরা মেনে নেব না।" হারিরির বরাত দিয়ে তার কার্যালয়ের গণমাধ্যম বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকালের ওই বৈঠকে হারিরি নিজের পদত্যাগ স্থগিত করা সম্পর্কে বলেন, "প্রেসিডেন্ট মিশেল আউনের অনুরোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি তা আঞ্চলিক দ্বন্দ্বে লেবাননকে নিরপেক্ষ রাখার বিষয়ে আলোচনা করার সুযোগ দেবে।"
তিনি আরো বলেন, কিছু বিরক্তিকর উপাদানের মাধ্যমে লেবাননকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তবে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে তা থেকে উত্তরণ ঘটানো সম্ভব হবে। তিনি বলেন, ভবিষ্যতে তার দেশ শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করবে। এদিকে, সাদ হারিরির পরিবারের সদস্যরা সৌদি আরব থেকে গত রোববার ফ্রান্সে গেছেন এবং সেখানে তারা কয়েকদিন অবকাশযাপন করবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬