ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করলেন ফিলিস্তিন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
-
সংবাদ সম্মেলনে রিয়াদ আল-মালিকি (বামে) ও মেভলুত চাভুসওগ্লু
পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘোষণার মধ্যদিয়ে আমেরিকা সারা বিশ্ব থেকে একঘরে হয়ে পড়েছে। এরপরও তারা জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশকে হুমকি দিচ্ছে। আজ (বৃহস্পতিবার) আরো পরে এ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
গতকাল ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু এসব কথা বলেছেন। তিনি মার্কিন হুমকিরও নিন্দা করেন।
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশরের তোলা একটি প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর মুসলিম দেশগুলো ক্ষুব্ধ হয় এবং ওই প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে তুলছে। জাতিসংঘ সনদের ৩৭৭ নম্বর অনুচ্ছেদের আওতায় এ প্রস্তাব তোলা হচ্ছে এবং তা পাস হলে সব পক্ষ প্রস্তাবটি মানতে বাধ্য থাকবে। এ প্রস্তাবের পক্ষে যাতে ভোট না দেয়া হয় সেজন্য আমেরিকা এরইমধ্যে হুমকি দিয়ে বলেছে, যারা প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদেরকে চিনে রাখবে ওয়াশিংটন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১