মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানানো হবে না: হামাস
-
হামাস মুখপাত্র ফাউজি বারহুম
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মধ্যপ্রাচ্যে স্বাগত জানানো হবে না। সংগঠনের মুখপাত্র ফাউজি বারহুম দলীয় ওয়েবসাইটে গতকাল (শনিবার) বলেছেন, “মাইক পেন্সের সঙ্গে কোনো পর্যায়ের বৈঠক করার যৌক্তিতা নেই।”
ফাউজি বারহুম বলেন, “ফিলিস্তিনি জনগণের অধিকার নস্যাৎ করার জন্য আমেরিকা ও ইসরাইল যত রকমের ষড়যন্ত্র করুক তা সবই ব্যর্থ করে দিতে তৎপর রয়েছে হামাস এবং এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ ও ইসরাইল-মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে ফিলিস্তিনের সমস্ত জনগণ এবং সংগঠনকে আমরা আহ্বান জানাই।”
হামাস মুখপাত্র আরো বলেছেন, “মার্কিন পরিকল্পনা নস্যাৎ করতে আমাদের জনগণ ও স্বাধীন জাতিগুলো যে দৃঢ়তা দেখিয়েছে আমরা তার প্রশংসা করি।”
গতকাল পেন্স মিশর সফর করেছেন এবং এ সফরের ধারাবাহিকতায় তিনি জর্দান ও অধিকৃত ফিলিস্তিনে যাবেন। এ নিয়ে মাইক পেন্স এ অঞ্চলে মোট পাঁচবার সফর করছেন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে তাকে মধ্যপ্রাচ্য সফরের নির্দেশ দেয়ার পর এই প্রথম তিনি এ অঞ্চলে এলেন। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর গোটা মধ্যপ্রাচ্য বিক্ষুব্ধ হয়ে ওঠে। সে কারণে মাইক পেন্স কয়েকবার তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সে সময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মাইকে পেন্সের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১