দামেস্কে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলায় পশ্চিমা কর্মকর্তারা জড়িত: সিরিয়া
-
দামেস্কের বেসামরিক ব্যক্তি
সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশপাশে বেসামরিক ব্যক্তিদের ওপর সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কাছে লিখিত অভিযোগ করেছে সিরিয় সরকার। একই সঙ্গে সিরিয়ায় তৎপর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যেসব দেশ মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দামেস্ক।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এক লিখিত চিঠিতে অভিযোগ করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌতা এলাকায় তৎপর সন্ত্রাসীদের নিক্ষিপ্ত কামানের গোলার আঘাতে এক ডজন বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার কয়েক ঘন্টা পর দামেস্ক এ অভিযোগ পাঠায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার কর্মকর্তারা এ খবর দিয়েছেন।
দামেস্কে বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই সন্ত্রাসী হামলা অব্যাহত থাকায় চিঠিতে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। সন্ত্রাসীরা গত সাত সপ্তাহে ১,৫০০টির বেশি কামানের গোলা নিক্ষেপ করেছে এবং এতে শত শত মানুষ হতাহত হয়েছে। এছাড়া, চিঠিতে মন্ত্রাণালয় আরো অভিযোগ করেছে, কিছু পশ্চিমা দেশের কর্মকর্তা সরাসরি এসব সন্ত্রাসীকে সমর্থন দিচ্ছে এবং সিরিয় জনগণের ওপর হামলা চালাতে উৎসাহ দিচ্ছেন।
চিঠিতে দামেস্কের ওপর এসব হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, যেসব দেশ সন্ত্রাসীদের অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি জোর আহ্বান জানিয়েছে দামেস্ক।
পার্সটুডে/বাবুল আখতার/২১