আফরিনে আসাদপন্থি বাহিনী: জনতার উল্লাস
-
আফরিনে পৌঁছেছে সরকারপন্থি যোদ্ধারা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরে সরকারপন্থি যোদ্ধারা প্রবেশ করায় সেখানকার সাধারণ মানুষ আনন্দ-উল্লাস প্রকাশ করেছে। ওই এলাকায় গত এক মাসের বেশি সময় ধরে তুরস্ক সরকার সামরিক অভিযান চালাচ্ছে।
সিরিয়ার সরকারপন্থি যোদ্ধাদের আগমনে আফরিন শহরের প্রধান চত্বরে বৃহস্পতিবার লোকজন উল্লাস প্রকাশ করে এবং সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি সম্বলিত পোস্টার ও জাতীয় পতাকা নেড়ে তারা সরকারপন্থি যোদ্ধাদের স্বাগত জানায়।
সিরিয়ার যোদ্ধাদের স্বাগত জানাতে আসা লোকজন এ ঘটনার মধ্যদিয়ে আবারো নিশ্চিত করল যে, আফরিন হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তুরস্কের সেনা ও সন্ত্রাসীদের হাতে মাতৃভূমির কোনো অপবিত্রতা হতে দেবে না। তারা বলেছে, আগ্রাসনকারীরা অবশ্যই পরাজিত হবে।
এর আগে বৃহস্পতিবার সকালের দিকে সিরিয়ার দৈনিক আল-ওয়াতান জানিয়েছে, গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত সিরিয়া সরকারের অনুগত অন্তত ৫০০ যোদ্ধা আফরিন শহরে পৌঁছেছে। পত্রিকাটি বলেছে, এসব যোদ্ধা আফরিন এলাকায় তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করবে। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি বলেছে, তুর্কি অভিযান মোকাবেলা করার জন্য সরকারপন্থি কয়েকশ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২