আফরিনে ত্রাণ-বহরের ওপর তুর্কি বিমান হামলায় ২০ সিরিয় হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53825-আফরিনে_ত্রাণ_বহরের_ওপর_তুর্কি_বিমান_হামলায়_২০_সিরিয়_হতাহত
সিরিয়ার আফরিনে মানবীয় ত্রাণবাহী বহরের ওপর তুর্কি জঙ্গি বিমানের হামলায় ২০ সিরিয় হতাহত হয়েছে। সিরিয়ার সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ০২, ২০১৮ ২০:০২ Asia/Dhaka
  •  আফরিনে ত্রাণ-বহরের ওপর তুর্কি বিমান হামলায় ২০ সিরিয় হতাহত

সিরিয়ার আফরিনে মানবীয় ত্রাণবাহী বহরের ওপর তুর্কি জঙ্গি বিমানের হামলায় ২০ সিরিয় হতাহত হয়েছে। সিরিয়ার সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়। বিশ্ব রেডক্রসের সহায়তায়  ২৯ ট্রাকের  ত্রাণ-বহর যখন  পূর্ব আফরিনের মারিমিন গ্রামের আজ-জিয়ারা নামের ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিল তখনই তুর্কি হামলার ঘটনা ঘটে। ত্রাণ বহরে খাদ্য ও পোশাকসহ নানা ত্রাণ-সামগ্রী ছিল। 

এর আগে  সিরিয়ার উত্তর-পশ্চিমাংশে আফরিন অঞ্চলে তুর্কি জঙ্গি হেলিকপ্টারের হামলায় সরকারপন্থী ১৪ সেনা ও তিন কুর্দি গেরিলা নিহত হয়েছে বলে খবর দিয়েছিল লন্ডন-ভিত্তিক কথিত সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটি আজ (শুক্রবার) এ খবর দেয়।

উত্তর আফরিনের একটি গ্রামে তিনটি তুর্কি হেলিকপ্টার এই অভিযানে অংশ নেয়।  তুরস্ক এ অঞ্চলে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের দমনের নামে সেখানে সামরিক অভিযান চালিয়ে আসছে। তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত আনাদুলু বার্তা সংস্থা বলেছে, তুর্কি হেলিকপ্টারের হামলায় নয় কুর্দি গেরিলা নিহত হয়েছে।  

এর আগে গত মঙ্গলবার তুর্কি সেনাদের ওপর হামলার ঘটনায় ৮ তুর্কি সেনা নিহত ও ১৩ জন আহত হয়। 

স্থানীয় জনগণ ও কুর্দি গেরিলারা সম্প্রতি এ অঞ্চলকে রক্ষার জন্য সরকারি  ও সরকারপন্থী সেনাদের সাহায্য চেয়েছিল।  গত সপ্তায় সরকারি তথা আসাদপন্থী সেনারা এ অঞ্চলে প্রবেশ করলে সেখানকার জনগণ ব্যাপক সম্বর্ধনা জানিয়ে উৎসব ও আনন্দে মেতে ওঠে।  

এদিকে তুরস্কের আরও এক সেনা-বহর সীমান্তের   কাফারলুইজিন ক্রসিং পয়েন্ট দিয়ে উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের কারামেল শিবিরে প্রবেশ করেছে।  একমাসেরও কম সময়ে তুরস্কের তিনটি সেনা-বহর এই একই সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করল। 

সিরিয়ার আসাদ সরকার আরব এই দেশের ভেতরে গত ২০ জানুয়ারি থেকে শুরু-হওয়া তুর্কি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং এ অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রতিবাদ জানাচ্ছে। #

পার্সটুডে/এমএএইচ/২