আফরিন অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত
-
আফরিনে নিহত তুর্কি সেনাদের লাশ
সিরিয়ার আফরিন অঞ্চলে তুরস্কের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ জন সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে।
সেনা নিহত হওয়া সম্পর্কে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন চানিক্লি গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় এ ঘোষণা দেন। তিনি বলেন, ৯৫টি গ্রাম এ পর্যন্ত তুর্কি সেনাদের দখলে এসেছে। তিনি জানান, কথিত ফ্রি সিরিয়ান আর্মির ১১৬ সদস্য নিহত হয়েছে। সিরিয়া সংকট শুরুর পর থেকেই ফ্রি সিরিয়ান আর্মিকে তুর্কি সরকার মদদ দিয়ে আসছে এবং এ গোষ্ঠীকে তুরস্ক ও তার আঞ্চলিক এবং পশ্চিমা মিত্ররা মধ্যপন্থী গেরিলা হিসেবে প্রচার করে আসছে।
তুরস্ক বলে আসছে- মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। এ গোষ্ঠী তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। কিন্তু দামেস্ক সরকার বলছে, বিনা অনুমতিতে আফরিনে অভিযান চালিয়ে তুর্কি সরকার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। গত কয়েকদিন আগে সিরিয়ার সরকার আফরিনে নিজের অনুগত যোদ্ধা পাঠিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩