গণআন্দোলন দমনের পরিবর্তে আলোচনায় বসুন: বাহরাইনকে ইরান
-
বাহরাম কাসেমি
ইরানের বিরুদ্ধে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরকে দোষারোপ এবং একই অভিযোগের পুনরাবৃত্তি করে বাহরাইন সরকার জনগণের সঙ্গে নিজের মুখোমুখি অবস্থানের ফলে সৃষ্ট সংকট থেকে মুক্তি পাবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার এক সংবাদ সম্মেলনে তেহরানের এ অবস্থানের কথা তুলে ধরেন। তিনি মানামা সরকারকে উদ্দেশ করে বলেন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে গণআন্দোলন দমনের পরিবর্তে জনগণের সঙ্গে আলোচনায় বসুন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে দাবি করে, দেশটিতে কথিত সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার দায়ে ১১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকে ইরান, লেবানের হিজবুল্লাহ ও ইরাকের প্রতিরোধ সংগ্রামীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
এ সম্পর্কে বাহরাইনের আল-ওয়েফাক পার্টির নেতা আল-আসওয়াদ বলেছেন, আরব দেশগুলোর কাছ থেকে আরো বেশি সাহায্য পাওয়ার আশায় এবং জনগণের শান্তিপূর্ণ আন্দোলন কঠোর হাতে দমন করার অজুহাত সৃষ্টির জন্য মানামা সরকার এসব দাবি করছে।
বাহরাইনে গত সাত বছর ধরে রাজতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দাবিতে গণআন্দোলন চলছে। দেশটির সরকার এ পর্যন্ত অন্তত ১১,০০০ ব্যক্তিকে আটক করেছে যাদের মধ্যে অনেকের নাগরিকত্ব বাতিল করে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, বাহরাইন হচ্ছে পশ্চিম এশিয়ার সবচেয়ে ছোট দেশ যেখানে সবচেয়ে বেশি রাজনৈতিক বন্দি রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫