সিরিয়ার শহর দখল করেছে তুর্কি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i54133-সিরিয়ার_শহর_দখল_করেছে_তুর্কি_সেনারা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকার একটি শহর দখল নিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে শহরটিতে তুর্কি সেনারা কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ২৩:৪৪ Asia/Dhaka
  • জান্দাইরিশ শহরে ফ্রি সিরিয়ান আর্মির গেরিলাদের অগ্রাভিযান
    জান্দাইরিশ শহরে ফ্রি সিরিয়ান আর্মির গেরিলাদের অগ্রাভিযান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকার একটি শহর দখল নিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে শহরটিতে তুর্কি সেনারা কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার তুর্কি সেনারা জান্দাইরিশ শহরটি দখল করে নেয়। প্রচণ্ড লড়াইয়ের পর কুর্দি গেরিলারা শহরটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে আনাদোলু জানিয়েছে। শহর দখলের অভিযানে তুর্কি সেনাদেরকে সাহায্য করেছে কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা।

এর একদিন আগে তুর্কি সেনারা জান্দাইরিশ শহরের কাছের একটি পাহাড় দখলে নিয়ে শহরটির ওপর বিমান হামলা জোরদার করে। এরপর তারা শহরটি দখল করতে সক্ষম হয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করে বলেছে, ভয়াবহ বোমাবর্ষণের পর তুর্কি বাহিনী শহরটি দখল করে। সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, তুর্কি বাহিনীর বিমান হামলায় জান্দাইরিশ শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে তুরস্কের সেনারা সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। তুরস্ক বলছে, সীমান্তবর্তী এ শহরে মার্কিন সমর্থিত কুর্দিরা আংকারার জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯