বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়া আইন; কাতারের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i54243-বায়তুল_মুকাদ্দাসের_ফিলিস্তিনিদের_বিরুদ্ধে_নয়া_আইন_কাতারের_প্রতিবাদ
ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নেয়ার ইসরাইলি আইনের নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের সংসদ এ আইন পাসের মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নিঃসন্দেহে ইসরাইলের ওই আইন নীতি-নৈতিকতা ও মানবিকতা বিরোধী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৮ ১১:১৩ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়া আইন; কাতারের প্রতিবাদ

ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নেয়ার ইসরাইলি আইনের নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের সংসদ এ আইন পাসের মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নিঃসন্দেহে ইসরাইলের ওই আইন নীতি-নৈতিকতা ও মানবিকতা বিরোধী।

ফিলিস্তিনিদের অধিকার হরণের ইসরাইলি পদক্ষেপ বন্ধে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। দেশটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনিদের অধিকার হরণ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সমাজকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। 

গত বুধবার ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটে একটি আইন পাস করা হয়েছে যা বলবত করা হলে ফিলিস্তিনি জনগণের বসবাসের অধিকার কেড়ে নেয়া যাবে। আইনে বলা হয়েছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি অনুগত না হলে তাদের আবাসন সুবিধা বাতিল করা হবে।

বুধবার ইসরাইলি সংসদে এ আইন পাস হয়েছে এবং এতে আরো বলা হয়েছে- যেসব ব্যক্তি মিথ্যা তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব নিয়েছে তাদের ক্ষেত্রেও এ আইন প্রযোজ্য হবে। এছাড়া, ইসরাইলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিতে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদেরকেও এ আইনের আওতায় আনা হবে। এ আইনের আওতায় যেসব ফিলিস্তিনিকে ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরি হুমকি বলে মনে করবেন তিনি সেসব ফিলিস্তিনিকে বায়তুল মুকাদ্দাস থেকে উচ্ছেদ করতে পারবেন।

ইসরাইলের এই আইনকে চরম বর্ণবাদী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র সিনিয়র সদস্য হানান আশরাভি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১