গাজায় বিশাল বিক্ষোভের ডাক: ১০০ স্নাইপার মোতায়েন করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i54986-গাজায়_বিশাল_বিক্ষোভের_ডাক_১০০_স্নাইপার_মোতায়েন_করল_ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ০২:০০ Asia/Dhaka
  • গাজায় বিশাল বিক্ষোভের ডাক: ১০০ স্নাইপার মোতায়েন করল ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।

দখলদার ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল গ্যাদি এইজেনকোট দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের সবগুলোর সেনা ইউনিটের বিশেষ বাহিনীগুলো থেকে বাছাই করা ১০০ স্নাইপারকে গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে।  

তিনি বলেন, এসব স্নাইপারসহ গাজা সীমান্তে মোতায়েন সব সৈন্যকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা যাতে সীমান্তের কাছাকাছি যেতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা আগামীকাল (শুক্রবার) গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা ইসরাইলের হাতে দখলীকৃত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করবেন।

নির্যাতিত ফিলিস্তিনি জনগণ প্রতি বছর ‘ভূমি দিবসে’ নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। তবে এ বছর ৭০তম বার্ষিকীতে বড় ধরনের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা। তারা বলেছেন, ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মাতৃভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনিদেরকে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সেকথা জানান দেয়া হবে এ বিক্ষোভের প্রধান লক্ষ্য।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯