ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাবার নতুন যাত্রা শুরু হলো: হামাস প্রধান
-
ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আজকের বিশাল বিক্ষোভের মধ্যদিয়েই শুরু হলো নিজ ভূমিতে ফিরে যাওয়ার নতুন যাত্রা। আজ (শুক্রবার) গাজায় ভূমি দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।
ইসমাইল হানিয়া আরও বলেছেন, আজ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে ট্রাম্পসহ সবাইকে জানিয়ে দিয়েছেন তারা নিজ ভূমিতে ফিরে যাওয়ার কথা ভুলে যান নি। তারা কখনোই এ অধিকারের বিষয়ে ছাড় দেবেন না।
তিনি বলেন, ফিলিস্তিনিরা বায়তুল মুকাদ্দাস ও নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকার আদায়ের বিষয়ে ঐক্যবদ্ধ। ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের বিষয়টি কেবল স্লোগান নয় বরং তা বাস্তবায়নে সব ধরনের পন্থা অবলম্বন করা হবে বলে তিনি জানান।
ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে আজকের ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে। যাদের ঘরবাড়ি কেড়ে নেয়া হয়েছে তারা আজও বংশ পরম্পরায় বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০