গাজায় ইসরাইলি হামলা লজ্জাজনক: জারিফ, বিশ্বব্যাপী নিন্দা অব্যাহত
-
ইসরাইলি সেনাদের টিয়ার গ্যাস নিক্ষেপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ গাজার রক্তক্ষয়ী দুর্ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। দখলদার ইসরাইল ফিলিস্তিনীদের শান্তিপূর্ণ বিক্ষোভে যেভাবে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তাকে বর্ণবাদী, অমানবিক, নিষ্ঠুর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন ড. জারিফ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ওই পাশবিক ঘটনার আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে।
৩০ মার্চ "ভূমি দিবস" উপলক্ষে দশ হাজারের বেশি নিরস্ত্র ফিলিস্তিনী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অংশ নেয়। ওই মিছিলে ইহুদিবাদী ইসরাইল হামলা চালালে অন্তত ১৬ ফিলিস্তিনী শহীদ হয় এবং আহত হয় দেড় হাজারের বেশি।
এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে: গাজা দুর্ঘটনা প্রমাণ করছে ফিলিস্তিনীদের ইচ্ছা ও মনোবল আগের মতোই দৃঢ় আছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য রক্ত দিতে তারা সর্বদা প্রস্তুত।
ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর রাজনৈতিক দফতরও এক বিবৃতিতে ভূমি দিবসে ফিলিস্তিনীদের প্রতিবাদ মিছিলের প্রশংসা করেছে।তারা প্রমাণ করেছে ফিলিস্তিনীদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, তারা সেসব ষড়যন্ত্রের মোকাবেলায় অনেক শক্তিশালী।
আরব লীগের মহাসচিব, ইরাকের পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেকেই ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসও আজ (শনিবার) সাধারণ শোক দিবস ঘোষণা করেছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩১