দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে কোনো চুক্তি হয়নি: সিরিয়া
-
সিরিয়ার জাতীয় ঐক্য বিষয়ক মন্ত্রী আলী হায়দার
সিরিয়া বলেছে, দেশটির রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থানরত উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে দামেস্কের কোনো সমঝোতা হয়নি।
সিরিয়ার জাতীয় ঐক্য বিষয়ক মন্ত্রী আলী হায়দার এ মন্তব্য করে বলেছেন, দামেস্কের দক্ষিণাঞ্চলীয় হাজার আল-আসওয়াদ ও ইয়ারমুক এলাকায় যেসব জঙ্গি অবস্থান করছে তাদের বেশিরভাগ দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। কাজেই তাদের মতো একটি হিংস্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব নয়।
আলী হায়দার বলেন, ওই এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে। হাজার আল-আসওয়াদ ও ইয়ারমুক অঞ্চলে কয়েকদিন ধরে বিমান ও স্থল অভিযান চলবে বলে তিনি জানান।
কয়েকদিন আগে থেকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিফ-দিমাস্ক প্রদেশে বিমান বাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সেখানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বেশ কিছু ভূগর্ভস্থ টানেল ও সুসংহত অবস্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়।
সম্প্রতি সিরিয়া সরকারের সঙ্গে এক সমঝোতা চুক্তির আওতায় উগ্র সন্ত্রাসীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব গৌতা ও কালামুন অঞ্চল থেকে চলে যায়। বর্তমানে ওই দুই অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয়ার সেনাবাহিনী। তবে হাজার আল-আসওয়াদ ও ইয়ারমুক অঞ্চলের জঙ্গিরা যে এই সমঝোতার আওতায় আসবে না সেকথাই জানিয়ে দিলেন সিরিয়ার মন্ত্রী আলী হায়দার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫