দুর্নীতিবাজ সংসদ সদস্যদের ভোট দেবেন না: ইরাকি শিয়া আলেম
-
আয়াতুল্লাহ আলী সিস্তানি
ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশের দুর্নীতিগ্রস্ত সংসদ সদস্যদেরকে ভোট না দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী ১২ মে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল (শুক্রবার) আয়াতুল্লাহ আলী সিস্তানির পক্ষ থেকে শেখ আবদুল মাহদি কারবালায়ি জুমার খুতবায় এ আহ্বান জানান। তিনি বলেন, সংসদ সদস্য ও সরকারের যেসব কর্মকর্তা দুর্নীতিবাজ এবং ব্যর্থ বলে প্রমাণিত হয়েছেন তাদেরকে নতুন করে নির্বাচিত করা উচিত হবে না।
আলী সিস্তানি বলেন, সাবেক স্বৈরশাসক সাদ্দামের পতনের পর ইরাকের আলেমরা চেষ্টা করে আসছে এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যার ফলে বহুদলীয় রাজনীতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালাবদল ঘটে। আলেমরা মনে করেন, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য এর কোনো বিকল্প নেই এবং এর মাধ্যমে জনগণের স্বাধীনতা, মর্যাদা, উন্নতি ও সমৃদ্ধি এবং তাদের প্রকৃত মূল্যবোধ ও সর্বোচ্চ স্বার্থ সংরক্ষিত হবে।
আলী সিস্তানি আরো বলেন, সম্ভাব্য কারচুপি রোধের জন্য নির্বাচনী আইন যদি স্বচ্ছ না হয় তাহলে নির্বাচনী প্রক্রিয়া দেশের জন্য সন্তোষজনক কোনো ফলাফল বয়ে আনবে না। এক্ষেত্রে ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫