বাহরাইনে আলে-খলিফা সরকারের বিরুদ্ধে শিয়া মুসলমানদের বিক্ষোভ
বাহরাইনের প্রভাবশালী আলেম শেখ ঈসা কাসিমসহ সহ দেশটির ধর্মীয় নেতাদের ওপর দমন পীড়ন চালানোর জন্য আলে-খলিফা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাহরাইনের জনগণ।
গতকাল (শুক্রবার) বিক্ষোভকারীরা বাহরাইনের রাজধানী মানামার কাছে আবু সাইবা গ্রামে শিয়া মুসলমানদের আধ্যাত্মিক নেতা শেখ ঈসা কাসিমের বিশাল আকৃতির ছবি বহন করে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন।
অবৈধভাবে ফান্ড জমা করা ও মানি লন্ডারিং এবং সহিংসতা উসকে দেয়ার কথিত অভিযোগে দুই বছর আগে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয় বাহরাইন সরকার। এ ছাড়া, তাকে ২ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা করা হয়। আলে খলিফা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির জনগণ।
এছাড়া, গত মাসে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবাদ মাধ্যমে খবর এসেছে। ২০১১ সাল থেকে বাহরাইনের শিয়া মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক নীতি বন্ধ করাসহ তাদের ওপর দমন পীড়ন অবসানের লক্ষ্যে দেশটিতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রতি সমর্থন দিয়ে আসছিলেন ইসা কাসিম।
এদিকে, বিক্ষোভকারীরা বাহরাইনের প্রধান বিরোধীদল আল ওয়েফাকের মহাসচিব এবং প্রখ্যাত আলেম শেখ আলী সালমানের মুক্তির দাবিতেও স্লোগান দেন। দেশটিতে আলে-খলিফা বিরোধী বিক্ষোভের জেরে আল-ওয়েফাককে নিষিদ্ধ করেছে বাইরাইনের আদালত।#
পার্সটুুডে/বাবুল আখতার/৫