ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57100-ইসরাইলের_বেশিরভাগ_ক্ষেপণাস্ত্র_ধ্বংস_করা_হয়েছে_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী সিরিয়ার ওপর আজ (বৃহস্পতিবার) সকালে যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই সফলভাবে বাধা দেয়া হয়েছে এবং আকাশে ধ্বংস করা হয়েছে। একথা জানিয়েছে সিরিয়ার সামরিক কমান্ড।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১০, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka
  • বিবৃতি পড়ে শোনাচ্ছেন সিরিয়ার সেনা মুখপাত্র
    বিবৃতি পড়ে শোনাচ্ছেন সিরিয়ার সেনা মুখপাত্র

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী সিরিয়ার ওপর আজ (বৃহস্পতিবার) সকালে যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই সফলভাবে বাধা দেয়া হয়েছে এবং আকাশে ধ্বংস করা হয়েছে। একথা জানিয়েছে সিরিয়ার সামরিক কমান্ড।

সিরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি রাডার স্টেশন এবং একটি অস্ত্র ডিপো ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি ওই বিবৃতিতে। এতে আরো বলা হয়েছে, ইসরাইলি হামলায় সিরিয়ার তিন ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয় সেনাবাহিনীর মুখপাত্র বিবৃতিতে বলেন, “তার দেশের সেনারা মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য সতর্ক ও প্রস্তুত রয়েছে। সন্ত্রাসবাদের প্রতি ইসরাইলের  সমর্থন ব্যর্থ বলেও প্রমাণ হয়েছে।”

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইল ২৮টি যুদ্ধবিমানের সাহায্যে মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং দামেস্ক এর অর্ধেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

আজ সকালে সিরিয়ার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এ হামলাকে কয়েক দশকের মধ্যে সিরিয়ার ওপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইসরাইল দাবি করছে, অধিকৃত গোলান মালভূমিতে তাদের সেনা অবস্থানে সিরিয়া থেকে ২০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পাল্টা জবাব হিসেবে তেল আবিব সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০