সরকার গঠন নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা হয় নি: আম্মার হাকিম
-
ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম আম্মার হাকিম
ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম আম্মার হাকিম গণমাধ্যমের খবর নাকচ করে বলেছেন, ইরাকের ভবিষ্যত জোট সরকার নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা হয় নি। তিনি বলেছেন, ইরাকে জাতীয় ঐক্যের সরকার গঠনের যে প্রচেষ্টা চলছে তা নস্যাৎ করার জন্য গণমাধ্যম এমন খবর দিয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েত সফরের সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আম্মার হাকিম সরকার গঠন প্রশ্নে বৈঠক করছেন।
হাকিমের নেতৃত্বাধীন ন্যাশনাল উইজডম মুভমেন্ট বা হিকমা পার্টি এক বিবৃতিতে গতকাল (বৃহস্পতিবার) বলেছে, ধর্মীয় নেতা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের কোনো বৈঠক করেন নি। দলীয় কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের বিষয়ে আম্মার হাকিম মার্কিন সহযোগিতার জন্য দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা ডাহা মিথ্যা।
হিকমা দলের এক মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোতে সফর করা ইরাকের ধর্মীয় নেতাদের একটা প্রথা; সেখানে ইরাকের রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয় নি। এ ধরনের খবর প্রকাশের প্রধান উদ্দেশ্য হলো- ইরাকে আরেকটি রাজনৈতিক সংকট তৈরি করা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১