হুদায়দায় সৌদি নেতৃত্বাধীন হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i58944-হুদায়দায়_সৌদি_নেতৃত্বাধীন_হামলায়_জাতিসংঘের_গভীর_উদ্বেগ_প্রকাশ
ইয়েমেনের বন্দরনগরী হুদায়দার ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৪, ২০১৮ ০৫:০৮ Asia/Dhaka
  • ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ্‌স
    ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ্‌স

ইয়েমেনের বন্দরনগরী হুদায়দার ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুদায়দার ওপর স্থল অভিযান শুরু করার পর বুধবার ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ্‌স এক টুইটার বার্তায় লিখেছেন, “হুদায়দায় সামরিক হামলা এবং এর মানবিক ও রাজনৈতিক প্রভাবের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি এ ব্যাপারে একটি বিবৃতিও প্রকাশ করেছেন। এতে গ্রিফিথ্‌স বলেছেন, হুদায়দা নগরীতে যাতে আগের মতো ত্রাণ পৌঁছে দেয়া যায় সেজন্য তিনি ইয়েমেন যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এই কর্মকর্তা সব পক্ষকে ধৈর্য ধারণ করে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।

হুদায়দার উপকণ্ঠে সৌদি সমর্থিত বাহিনীর সাঁজোয়া বহর (বুধবারের ছবি)

হুদায়দা শহরে সম্ভাব্য আগ্রাসনে আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সেখানে বুধবার সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট।

বুধবার সকালে সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ক সামরিক আগ্রাসন শুরুর কথা ঘোষণা করে। হামলায় আরব সেনাদের পাশাপাশি স্থলভাগে অংশ নিচ্ছে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীরা যারা ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত। আগ্রাসনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পদাতিক সেনাদেরকে বিমান সহায়তা দিচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪