হুদায়দা বিমানবন্দর দখলের দাবি ভিত্তিহীন: ইয়েমেনের আনসারুল্লাহ
-
ইব্রাহিম আল ওবায়দি
সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর দখলের যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটির প্রভাবশালী নেতা ইব্রাহিম আল ওবায়দি আল-আলম টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আগ্রাসী বাহিনীকে তিন দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা এখন সাগর পথে সহযোগিতা পাচ্ছে।
তিনি বলেন, আমেরিকার সরাসরি দিকনির্দেশনায় হুদায়দায় হামলা চালাচ্ছে আগ্রাসীরা। হুদায়দায় এখন মূলত ইয়েমেনের সঙ্গে আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ চলছে। এই লড়াই দীর্ঘ দিন ধরে চলবে বলে তিনি জানান।
এর আগে আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামও বলেছেন, ইয়েমেনে হুদায়দায় শত্রু বাহিনীকে ঘিরে ফেলা হয়েছে।
মানবিক বিপর্যয়ের আশঙ্কার বিষয়ে আন্তর্জাতিক সমাজের ব্যাপক হুঁশিয়ারি সত্ত্বেও ১৩ জুন থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে সৌদি জোটের সেনারা শহরটির ওপর আগ্রাসন শুরু করেছে। হুদায়দা বন্দরটি হচ্ছে ইয়েমেনে আন্তর্জাতিক সহযোগিতা পৌঁছানোর একমাত্র পথ। সৌদি জোট অভিযোগ করছে, হুদায়দা বন্দর দিয়ে হুথি যোদ্ধারা অস্ত্রের চালান আনে। তবে আনসারুল্লাহ আন্দোলন এ অভিযোগ নাকচ করে আসছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬