দারা শহরে সন্ত্রাসীদের বিপর্যয়: চুক্তি সই
-
সিরিয়ার সেনাদের হাতে এখন নাসিব ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা শহরে উগ্র সন্ত্রাসীরা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। উপায়হীন হয়ে তারা সরকারি সেনাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। চুক্তি অনুযায়ী সন্ত্রাসীরা দারা প্রদেশের বিভিন্ন ছোট-বড় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারি সেনাদের কাছে ছেড়ে দেবে।
গতকাল (শুক্রবার) সরকারি সেনারা জর্দান সীমান্তের কৌশলগত নাসিব ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তিন বছর পর ক্রসিং পয়েন্টটির নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে চুক্তি সই করে সন্ত্রাসীরা। চুক্তি আওতায় সন্ত্রাসীরা সব শহর থেকে সেনাবাহিনীর কাছে মধ্যম ও ভারী অস্ত্র হস্তান্তর করবে। এছাড়া, সিরিয়া-জর্দান সীমান্তের সমস্ত পর্যবেক্ষণ ফাঁড়ির নিয়ন্ত্রণ থাকবে সরকারি সেনাদের হাতে।
যেসব সন্ত্রাসী এই চুক্তির বিরোধিতা করবে তাদের পুরো পরিবারকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পাঠানো হবে। সরকারি বার্তা সংস্থা সানা এ খবর নিশ্চিত করেছে।
এর আগে বুধবার চুক্তির বিষয়ে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয় কিন্তু গতকাল দুপুরের দিকে সে আলোচনা নতুন করে শুরু হয় এবং শেষ পর্যন্ত চুক্তিও হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭