ব্রিকসে তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i60438-ব্রিকসে_তুরস্ককে_অন্তর্ভুক্ত_করার_আহ্বান_জানালেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশকে অর্থনৈতিক জোট 'ব্রিকসে' অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত এবং সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর নিয়ে সংস্থাটির নামকরণ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৮ ১১:৫৯ Asia/Dhaka
  • ব্রিকসে তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশকে অর্থনৈতিক জোট 'ব্রিকসে' অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত এবং সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর নিয়ে সংস্থাটির নামকরণ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে এ সংস্থার বৈঠকের অবকাশে হুররিয়াত ডেইলি নিউজকে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ক জি২০ জোটের সদস্য এবং এই জোটে ব্রিকসের পাঁচ সদস্য দেশও রয়েছে। কাজেই এসব দেশের উচিত তুরস্ককে ব্রিকসের সদস্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। তুরস্ক 'ব্রিকসের' সদস্যপদ লাভ করলে সংস্থাটির নামের পরিবর্তন ঘটবে এবং এটি 'ব্রিকসট' হবে বলেও জানান তিনি।

এরদোগান আরো জানান, তার এ প্রস্তাবকে সদস্য দেশগুলো বিশেষ করে চীন আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এ ছাড়া, আরো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি  নিয়ে 'ব্রিকস' সদস্যরা ভাবছেন বলেও জানান তিনি।

রাশিয়ার সেন্ট পিটাসর্বার্গে ২০০৬ সালে এ সংস্থা গঠন করা হয়। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এ সংস্থার প্রাথমিক সদস্য ছিল এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়।  বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ এবং বিশ্ব জিডিপির ২৫ শতাংশের প্রতিনিধিত্ব করছে 'ব্রিকস।'#

পার্সটুডে/মূস রেজা/৩০