গাজা অভিমুখী জ্বালানি আটকে দিচ্ছে ইসরাইল
-
কারেম শ্যালম ক্রসিং পয়েন্টে আটকে দেয়া হয়েছে গাজা অভিমুখী জ্বালানিপণ্য
ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের গাজা উপত্যকায় গ্যাস ও জ্বালানি তেলের চালান আটকে দিয়েছে। ২০০৭ সাল থেকে অবরোধের মধ্যে থাকা গাজা উপত্যকা যখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে তখন ইসরাইল গাজার ওপর চাপ বাড়ানোর জন্য নতুন এই পথ বেছে নিয়েছে।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান গতকাল (বুধবার) কারেম শ্যালম ক্রসিংপয়েন্ট দিয়ে গাজা অভিমুখী সব রকমের জ্বালানি পণ্যের চালান আটকে দেয়ার নির্দেশ দেন। ইসরাইলি অবরোধের মধ্যে একমাত্র কারেম শ্যালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারে। তবে কোন ধরনের পণ্য যাচ্ছে তা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ইসরাইল।
ঘুড়ি ও বেলুন ওড়ানোর মাধ্যমে ইসরাইলকে গাজার অধিবাসীরা যে তটস্থ করে তুলেছে তা থামানোর জন্য জ্বালানি পণ্যের চালান আটকে দেয়া হয়েছে বলে দাবি করেন লিবারম্যান। গত কিছুদিন ধরে বেলনু ও ঘুড়ির মাধ্যমে গাজার অধিবাসীরা ইসরাইলের ভেতরে আগুন হামলা চালাচ্ছে। লিবারম্যান বলেন, কারেম শ্যালম খুলে দেয়ার বিষয়টি ঘুড়ি ও বেলুন ওড়ানো বন্ধ করার ওপরই নির্ভর করছে।#
পার্সটুডে/এসআইবি/২