সাগর পথে ইরানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় কাতার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাগর পথে যোগাযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে কাতার। ইরানের বুশেহর বন্দর ও কাতারের হামাদ বন্দরের মধ্যে নৌ চলাচল বাড়াতে চায় কাতার সরকার। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান হাদি হাকশেনাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কাতারের একটি প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে নৌ চলাচল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায় কাতার।
কাতারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে ইরান যেসব কৃষি পণ্য কাতারে রপ্তানি করে তার একটা অংশ বুশেহর বন্দরের সাহায্যে কাতারে পাঠানো হয়। বন্দর আব্বাস থেকে এসব পণ্য জাহাজে করে কাতারের হামাদ বন্দরে পৌঁছায়। এই দুই বন্দরের মধ্যেই নৌযান চলাচল আরও বাড়াতে চায় কাতার। এই পথে বর্তমানে নৌ যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে তিনি জানান।
ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান বলেন, তুরস্কসহ ইরানের অন্যান্য প্রতিবেশী দেশও কাতারের পণ্য নিয়ে যাওয়ার জন্য বন্দর আব্বাস বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন