বসরা সহিংসতার পেছনে রয়েছে মার্কিন কূটনৈতিক মিশন: ইরাকি গ্রুপ
-
সরকারি ভবনের সামনে জড়ো হয়েছে বসরার বিক্ষোভকারীরা
ইরাকের তেল-সমৃদ্ধ বসরা নগরীতে সাম্প্রতিক সহিংসতার পেছনে মার্কিন কূটনৈতিক মিশনগুলোর হাত রয়েছে এবং এ বিষয়ে প্রমাণ আছে। একথা বলেছেন, ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস।
তিনি আজ (রোববার) বলেন, “আমাদের হাতে পূর্ণাঙ্গ তথ্য ও প্রমাণাদি রয়েছে যে, মার্কিন দূতাবাস এবং কন্সুলেট রয়েছে বসরা সহিংসতার পেছনে।”
গত মঙ্গলবার থেকে বসরায় প্রাণঘাতী সহিংসতা চলছে। তবে শুক্রবার সে সহিংসতা ভয়ংকর ও কুৎসিত রূপ ধারণ করে। ওইদিন মুখোশধারী কিছু ব্যক্তি কয়েকটি সরকারি ভবন ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ইরানের একটি কন্সুলেট অফিসেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এসব সংহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আল-মুহান্দিস আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেন, এসব তৎপরতার মাধ্যমে আমেরিকা ইরাকের রাজনৈতিক দল ও জোটের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। হাশ্দ আশ-শাবির এ কমান্ডার জোর দিয়ে বলেন, মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরাকের জনগণ আর কখনো গৃহযুদ্ধে লিপ্ত হবে না।#
পার্সটুডে/এসআইবি/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন