তুর্কি সীমানা জুড়ে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর একটি বহর
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তুরস্কের সঙ্গে তার দেশের দীর্ঘ সীমান্তে ইরাকি সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রোববার ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠক থেকে তিনি এ নির্দেশ জারি করেন।
হায়দার আল-এবাদি পদাধিকারবলে প্রভাবশালী এই পরিষদের সভাপতি এবং ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে ইরাকের গোটা সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং দেশটির আকাশ ও স্থলসীমান্ত লঙ্ঘন প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে তুর্কি সীমান্ত থেকে ইরাকের সার্বভৌমত্বের প্রতি যাতে কোনো আঘাত না আসে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।
তুরস্কের সেনারা গত কয়েক বছরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’কে দমনের অজুহাতে বহুবার ইরাকের অভ্যন্তরণে অনুপ্রবেশ করেছে। বাগদাদ সরকার এ ঘটনাকে সেদেশের ওপর আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর কঠোর প্রতিবাদ জানিয়েছে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি সম্প্রতি কায়রোয় আরব লীগের সাধারণ সম্মেলনে তার দেশে তুর্কি সেনা উপস্থিতির তীব্র বিরোধিতা করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭