সৌদি ও আমেরিকা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i65177-সৌদি_ও_আমেরিকা_মধ্যপ্রাচ্যে_উত্তেজনা_ছড়াচ্ছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সৌদি আরব এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৮ ১০:৩৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সৌদি আরব এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।

গতকাল (শুক্রবার) রাজধানী বৈরুতে টেলিভিশনের মাধ্যমে তার সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন হাসান নাসরুল্লাহ। তিনি সুস্পষ্ট করে বলেন, সৌদি আরব ও আমেরিকার ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যে যাবতীয় সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে বিশ্ব তা মেনে নিতে পারে না।

সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, রিয়াদ সরকারের এই ঘৃণ্য কর্মকাণ্ডের মাধ্যমে ইয়েমেনে যুদ্ধ নিয়ে নতুন আন্তর্জাতিক চিন্তাভাবনা ও পর্যবেক্ষণ হাজির হয়েছে। গত ১০০ বছরের মধ্যে সৌদি আরবের ভাব-মর্যাদা কখনো এত খারাপ হয় নি বলেও মন্তব্য করেন তিনি। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হাসান নাসরুল্লাহ সৌদি শাসকদের প্রতি আহ্বান জানান।

নিহত জামাল খাশোগি

তিনি আরো বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব ও মার্কিন সরকার বড় রকমের সংকটে পড়েছে। কিন্তু খাশোগি হত্যার ঘটনায় আন্তর্জাতিক সমাজে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইয়েমেন যুদ্ধের বিষয়ে তা দেখা যাচ্ছে না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হামলা বাড়ানোর পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ মহাসচিব বলেন, “ইসরাইলি আগ্রাসন প্রতিরোধ করা ছাড়া ফিলিস্তিনিদের সামনে আর কোনো বিকল্প নেই।”#

পার্সটুডে/এসআইবি/২০