ইয়েমেনিরা খালি হাতে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে: বাসিজ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i66025-ইয়েমেনিরা_খালি_হাতে_শত্রুর_বিরুদ্ধে_রুখে_দাঁড়িয়েছে_বাসিজ_প্রধান
সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণ খালি হাতে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেইন গেইবপারভার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ১৩:৩৯ Asia/Dhaka

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণ খালি হাতে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেইন গেইবপারভার।

প্রতিরোধকামী ইয়েমেনি জনগণের সমর্থনে ইরানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে  ৩৫টি দেশের কয়েক ডজন পণ্ডিত, গবেষক এবং মানবাধিকার কর্মী অংশ নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ সম্মেলনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের ফলে দারিদ্রপীড়িত ইয়েমেনি জনগণের ওপর যে দুঃখ-দুর্দশা এবং দুর্ভোগ নেমে এসেছে তা তুলে ধরা হয়েছে। একদিনের এ আন্তর্জাতিক সম্মেলনে ইরানের কর্মকর্তা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন।   

সম্মেলনে বাসিজ  প্রধান গেইবপারভার বলেছেন, সৌদি আগ্রাসনের  বিরুদ্ধে সংগ্রামী ইয়েমেনি জনগণের প্রতিরোধকামিতা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, "আমেরিকার  শত্রুতামুলক অর্থনৈতিক অবরোধের শিকার ইরান ইয়েমেনি জনগণের ভয়ানক পরিস্থিতি উপলব্ধি করতে পারছে।"

ইরানের রাজধানী তেহরানে ইয়েমেন বিষয়ে সম্মেলন

ইয়েমেনের হুদাইদা বন্দরনগরীতে দেশটির জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি ইঙ্গিত করে জেনারেল গেইবপারভার বলেন, "ইয়েমেনে যা ঘটছে তা আমাদের জন্য শিক্ষা হচ্ছে শত্রুর মোকাবেলায় দৃঢ়ভাবে টিকে থাকতে হবে। হুদাইদায় সব শত্রু মিলিত হয়েছে। কিন্তু ইয়েমেনি জনগণ খালি হাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।"  তিনি আরো বলেন, "আমরা এই শিক্ষাই পেয়েছি যে যেখানে প্রতিরোধ সেখানে বিজয় অনিবার্য। সৌদি শাষক গোষ্ঠী ইয়েমেন যুদ্ধে কোনো মর্যাদা অর্জন করতে পারি নি। বরং তারা নিজেদের জন্য শ্বাশত অপমান বয়ে এনেছেন।"

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলো বিশেষ করে  আমেরিকা এবং ব্রিটেন অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা দিচ্ছে।সৌদি আগ্রাসনের ফলে ইয়েমেনের স্কুল, কলেজ এবং হাসপাতালসহ দেশটির নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, আমদানি নির্ভর দেশটির বিরুদ্ধে সৌদি জোট নৌ অবরোধ চাপিয়ে দেয়ার ফলে সেখানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে।   

সম্প্রতি একটি সংস্থা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় প্রায় ৫৬ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে। এছাড়া আন্তার্জতিক বেসরকারি সংস্থা সেইভ দ্যা চিল্ড্রেন জানিয়েছে, ইয়েমেনে না খেয়ে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। #

পার্সটুডে/বাবুল আখতার/২২