তুরস্ক, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/west_asia-i66699-তুরস্ক_রাশিয়া_ও_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীদের_বৈঠক_সিরিয়ার_সার্বভৌমত্ব_রক্ষার_ওপর_গুরুত্বারোপ
জেনেভায় সিরিয়ার সংবিধান বিষয়ক কমিটির ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফেন দ্যা মিস্তোরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৫:৪৫ Asia/Dhaka

জেনেভায় সিরিয়ার সংবিধান বিষয়ক কমিটির ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফেন দ্যা মিস্তোরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন এবং দেশটির সংবিধান বিষয়ক কমিটির কাজ শুরু করার জন্য সিরিয়া ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার ওপর জোর দেয়া হয়েছে। ইরান সিরিয়া সংকটের শুরু থেকেই রাজনৈতিক উপায়ে এ সংকট সমাধানের ওপর জোর দিয়ে আসছিল। এ লক্ষ্যে গত বছরের জানুয়ারিতে ইরানের উদ্যোগে কাজাখস্তান বৈঠকের মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত সেপ্টেম্বর মাসে তেহরানে এক বৈঠকে ১২ অনুচ্ছেদ বিশিষ্ট বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, সামরিক উপায়ে নয় বরং কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সিরিয়া সমস্যার সমাধান হতে পারে।

যাইহোক, এই তিন দেশ গত ৩০ জানুয়ারি রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত বৈঠকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার সংবিধান বিষয়ক কমিটির কাজ শুরুর পদক্ষেপ নিয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি দ্যা মিস্তোরা সিরিয়া সমস্যা সমাধানে এই তিন দেশের কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে এর প্রতি সমর্থন জানিয়েছেন। কারণ এই প্রচেষ্টার ফল হিসেবে সিরিয়ার সংবিধান বিষয়ক কিমিটির কাজ শুরু হয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যকার সমঝোতা অনুযায়ী সিরিয়ায় যুদ্ধবিরতির পাশাপাশি জাতীয় সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার সংবিধান বিষয়ক কমিটি গঠন দেশটির ভবিষ্যত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, জেনেভায় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে বোঝা যায়, জাতিসংঘের তত্বাবধানে সিরিয়ানদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে।

প্রকৃতপক্ষে, সিরিয়ানদের নিজেদের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হলে দেশটির জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষিত হবে। সব পক্ষকে নিয়ে এমনভাবে কমিটি গঠন করা হবে যাতে তা সবার কাছে গ্রহণযোগ্য হয়। #  

পার্সটুড/রেজওয়ান হোসেন/১৯