আল-জওফ প্রদেশে ড্রোন হামলা: সৌদি মদদপুষ্ট বহু সন্ত্রাসী হতাহত
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী কমিটি দেশটির সেনাবাহিনীর সহযোগিতায় উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশে সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বুধবার সকালে বলেছেন, তার দেশের সেনাবাহিনী এবং মিত্ররা আল জওফ প্রদেশের আল ইয়াতমা এলাকায় সোয়াইকা সামরিক ঘাঁটিতে সৌদি ভাড়াটে সেনাদের অবস্থানে ড্রোনের সাহায্যে বোমা নিক্ষেপ করেছে। আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিমান হামলায় সৌদি মদদপুষ্ট বহু সেনা হতাহত হয়েছে। ইয়েমেনি স্নাইপাররা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে চার সৌদি সেনাকে গুলি করে হত্যা করার কিছুক্ষণ পর ইয়েমেনি বাহিনীর বিমান হামলার খবর এলো।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় কমিটি আল-জওফ প্রদেশের জাহফান এলাকায় অবস্থিত কিছু সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে। সৌদি সেনাদের টার্গেট করে এসব অভিযান চালানো হয়েছে।
এছাড়া, ইয়েমেনি সামরিক ইউনিট সৌদি আরবের আসির অঞ্চলের রাকাবাহ এলাকায় সৌদি সেনাদের অবস্থানে জিলজাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন