ট্রাম্পের গোপন সফর: ইরাকি কর্মকর্তাদের নিন্দা ও ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে গোপনে ইরাক সফরে যাওয়ায় দেশটির রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তারা এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এদের মধ্যে কেউ কেউ ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।
ইরাকের প্রভাবশালী শিয়া সংগঠন হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা বলেছে, মার্কিন সেনাদের উপস্থিতি ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। নুজাবার মুখপাত্র হাশিম আল মুসাভি লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ট্রাম্পের অবশ্যই জানা উচিত যে অনেক রক্তের বিনিময়ে ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এসেছে। প্রতিরোধকামী এবং শহীদের ভূমি ইরাকে মার্কিন ঘাঁটি নির্মাণের মাধ্যমে আসে নি। তাই ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে বাগদাদের উচিত মার্কিন সেনাদের বহিষ্কার করা।
অন্যদিকে, কাতাইব হিজবুল্লাহ সংগঠন জোর দিয়ে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা ইরাকের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করবে। ট্রাম্পের গোপন সফরের অর্থ হচ্ছে ঘোষণা দিয়ে ইরাক সফরে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি।
সংগঠনটির মুখপাত্র জাফার আল হুসাইনি আল মায়েদিন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ইরাকের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার সিদ্ধান্ত দেশটির জনগণ এবং সংসদের ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি আরো বলেন, নিজ সেনাদের ফিরিয়ে নিতে আমেরিকাকে বাধ্য করবে প্রতিরোধ যোদ্ধারা।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন