ইয়েমেনে পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে অনুমোদন দিতে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদায়দায় জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের বিষয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ আলোচনায় বসার কথা রয়েছে। দেশটির বিবদমান পক্ষগুলো হুদায়দা শহরে যুদ্ধবিরতি পালনের বিষয়ে একমত পোষণ করার পর তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা পর্যবেক্ষণ মিশন সেটির পর্যবেক্ষণ করবে।
গত ১৩ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি মদদপুষ্ট সাবেক সরকারের প্রতিনিধিরা হুদায়দা শহরে যুদ্ধবিরতি পালনে একমত হয়। সেই যুদ্ধবিরতি সঠিকভাবে বাস্তাবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে হুদায়দায় মিশন পাঠানোর প্রস্তাব দেন জাতিসংঘের মহাসচিব। ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বুধবার আরো পরে এ বিষয়ে আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে।
ইয়েমেনের হুদায়দা বন্দর নগরী, সালিফ এবং রাস ইসা শহরে বিবদমান পক্ষগুলো যুদ্ধবিরতি পালন করছে কিনা তা পর্যবেক্ষণে ছয় মাসের জন্য সেখানে ৭৫ জন পর্যবেক্ষণ পাঠানোর বিষয়টি অনুমোদন দিতে গত মঙ্গলবার জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস চিঠি দিয়ে নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানান।
গুতেরেস বলেন, এ পর্যবেক্ষণ মিশন ইয়েমেন বিষয়ে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের নেতৃত্বে ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে চলমান দুর্বল রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন