সৌদি যুবরাজের উপদেষ্টার দায়িত্ব এখনো পালন করছে খাসোগি হত্যার সন্দেহভাজন
https://parstoday.ir/bn/news/west_asia-i68058-সৌদি_যুবরাজের_উপদেষ্টার_দায়িত্ব_এখনো_পালন_করছে_খাসোগি_হত্যার_সন্দেহভাজন
সৌদি রাজতন্ত্র বিরোধী খ্যাতনামা সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন সৌদি আল-কাহতানি এখনো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। খাসোগি হত্যার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরপর আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল রিয়াদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৩:২৫ Asia/Dhaka
  • মোহাম্মদ বিন সালমান এবং আল-কাহতানি
    মোহাম্মদ বিন সালমান এবং আল-কাহতানি

সৌদি রাজতন্ত্র বিরোধী খ্যাতনামা সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন সৌদি আল-কাহতানি এখনো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। খাসোগি হত্যার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরপর আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল রিয়াদ।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানিয়েছে, সৌদি রাজ দরবারের মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আল-কাহতানি। এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের ‘ডানহাত’ হিসেবে পরিচিত কাহতানি।

এমবিএস এখনো আল-কাহতানির উপদেশ নেন এবং তাকে নিজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও উল্লেখ করেন। এ ছাড়া, সৌদি সাংবাদিকদের প্রতি নির্দেশনা দেন এবং তাদের সঙ্গে এমবিএসের বৈঠকের কর্মসূচিও আল-কাহতানি নির্ধারণ করেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক।

জামাল খাসোগি

গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে বর্বরোচিত ভাবে খাসোগিকে হত্যা করা এবং তার লাশ গুম করা হয়। তুরস্কের তদন্তে কাহতানির জড়িত থাকার সম্ভাবনার বিষয়টি ওঠে আসে।

খাসোগি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের ফাইল ছবি

কিন্তু নানা তালবাহনার পর সৌদি আরব এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আল-কাহতানিকে সরিয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণাও দেয়া হয়েছিল। অবশ্য, বরাবরই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ জড়িত নেই বলেও দাবি করছে রিয়াদ।#

পার্সটুডে/মূসা রেজা/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন