বাহরাইনের রাজনীতিতে সক্রিয় থাকতে হবে: শেইখ ঈসা কাসেম
-
ঈসা কাসেম
বাহরাইনের শিয়া মুসলমানদের প্রধান নেতা শেইখ ঈসা কাসেম জনগণকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
ঈসা কাসেম তার বার্তায় বলেছেন, বাহরাইনের মূল সমস্যা হচ্ছে রাজনীতি, আইন, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে ন্যায়বিচারের অভাব এবং জনগণের বিরুদ্ধে ধর্মীয় ও জ্ঞানগত সীমাবদ্ধতা। একইসঙ্গে জনগণকে একঘরে করে ফেলা হয়েছে। রাজনীতিতে জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়েই এ সমস্যার সমাধান হতে পারে বলে তিনি জানান।
বাহরাইনের এই আলেম আরও বলেছেন, বাস্তবধর্মী নয়া দৃষ্টিভঙ্গির আলোকে দেশে এখন স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন। তিনি সরকার ও জনগণের মধ্যে ন্যায়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠার দাবি জানান।
তিনি বলেন, যারা বাহরাইনে স্থায়ীভাবে সংঘাত টিকিয়ে রাখতে এবং দেশকে অগণিত সমস্যার বেড়াজালে আটকে রাখার চেষ্টা করছে তারা অপরাধী ও বিশ্বাসঘাতক।
শেইখ ঈসা কাসেম আরও বলেছেন, যেকোনো সরকারকেই মানুষের বৈষয়িক ও আধ্যাত্মিক স্বার্থ রক্ষা করতে হবে, অন্যথায় সরকারের অস্তিত্বের পেছনে কোনো যুক্তি থাকতে পারে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫