সৌদি আরবের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ কাজ শেষের দিকে: রিপোর্ট
-
‘গুগল আর্থ’ থেকে তোলা সৌদি পারমাণবিক চুল্লির ছবি
সৌদি আরব তার প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। ‘গুগল আর্থ’ থেকে তোলা ছবির বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ‘ব্লুমবার্গ’ এ তথ্য জানিয়েছে।
রাজধানী রিয়াদের কিং আব্দুলআজিজ সিটি’র দক্ষিণ-পশ্চিম প্রান্তে এই পরমাণু স্থাপনা নির্মাণ করছে সৌদি আরব। প্রতিবেদনে সৌদি আরবের এ পদক্ষেপকে বিপজ্জনক আখ্যায়িত করে বলা হয়েছে, বেসামরিক পরমাণু কর্মসূচি পরিচালনার জন্য যেসব আন্তর্জাতিক আইন ও কাঠামো রয়েছে তা এখনো মেনে নেয়নি সৌদি আরব। কাজেই এই পরমাণু স্থাপনা থেকে পরমাণু অস্ত্র তৈরি করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, পরমাণু স্থাপনাটি নির্মাণে পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সব আন্তর্জাতিক আইন মেনেই এটি নির্মাণ করা হয়েছে।
সৌদি আরব আইএইএ’র কথিত ছোট আকারের প্রোটোকলে সই করলেও এখনো এই সংস্থার আইন পুরোপুরি মেনে নেয়নি। আইএইএ’র পরিদর্শকদের যেকোনো সময়ে পরিদর্শনের সুবিধা দেয়ার আইন এখনো মেনে নেয়নি রিয়াদ।
সৌদি আরবের প্রতি আমেরিকার পরমাণু সহযোগিতার ব্যাপারে মার্কিন আইন প্রণেতাদের একটি দল উদ্বেগ প্রকাশ করার পর ব্লুমবার্গ রিয়াদের পরমাণু তৎপরতা সম্পর্কে এ খবর দিল। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৪